জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ ইশরাত জাহান (৩৪) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার ক্ষোভ থেকে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনার প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পিবিআই।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত এসব তথ্য নিশ্চিত করেন।

গত ২৩ আগস্ট সকালে শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচ তলার ভাড়া বাসা থেকে ইশরাত জাহান নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ইশরাত জাহান ও কাউসার আহমেদ খান ওই বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতেন এবং তাদের সঙ্গে দুটি সন্তানও ছিল। এ ঘটনার পর নিহতের মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসার আহমেদ খানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই।

পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, ২০১৪ সালে ইশরাত জাহানের সঙ্গে শাওন নামের ব্যক্তির বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর ইশরাত তার সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস শুরু করেন।

প্রায় তিন বছর আগে শহরের একটি মনোহারি দোকানে কেনাকাটা করতে গিয়ে ওই দোকানের মালিক কাউসার আহমেদ খানের সঙ্গে ইশরাতের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একদিন বকেয়া টাকা পরিশোধের কথা বলে কাউসারকে নিজের বাসায় ডেকে নেন ইশরাত। সেখানে পূর্বপরিকল্পিতভাবে কাউসারের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান এবং গোপনে সেই দৃশ্য ভিডিও করে রাখেন। পরবর্তীতে ওই ভিডিওর ভয় দেখিয়ে কাউসারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় শুরু করেন তিনি।

ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে কাউসার তার জমানো টাকা তো বটেই, এমনকি শহরের বাড়ির জমি এবং মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করেও ইশরাতের হাতে টাকা তুলে দিতে বাধ্য হন। শুধু তাই নয়, ইশরাত অন্যান্য বিত্তবান লোকদের টার্গেট করে ফাঁদে ফেলার জন্য কাউসারকে চাপ প্রয়োগ করতেন। একপর্যায়ে কাউসার এসব অনৈতিক কাজ করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পংকজ দত্ত আরও জানান, হত্যাকাণ্ডের দিন ইশরাত ফোন করে কাউসারকে তার ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর ইশরাত আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশরাত ক্ষুব্ধ হয়ে কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেন। স্ত্রী লাইনে থাকা অবস্থায় ইশরাত কাউসারকে কথা বলতে বাধ্য করার চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে ক্ষুব্ধ কাউসার ইশরাতের গলা চেপে ধরলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান কাউসার।

হত্যাকাণ্ডের পর থেকেই আসামিকে ধরতে তৎপর হয় পিবিআই। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে প্রধান আসামি কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version