নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়। অভিযানে ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করার পাশাপাশি এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা পৌরসভাধীন মেছুয়া বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রবীর সরকারের মালিকানাধীন “মা কালী ভান্ডার” নামক দোকানে তল্লাশি চালিয়ে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন রাখা ও বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে নেত্রকোনা থানা পুলিশের একদল চৌকস সদস্য। এছাড়াও অভিযানে জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেয় ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট চলাকালীন বাজারের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও বাজারে আগত ক্রেতা-সাধারণের মাঝে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জনস্বার্থে এ ধরণের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version