নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে চেকপোস্টে তল্লাশিকালে চারশো পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার জাঞ্জাইল বাস কাউন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হক মিয়া দুর্গাপুর থানার মাধবপুর সীমান্তবর্তী মিনকি ফান্দা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দুর্গাপুর থানার জাঞ্জাইল চেকপোস্টে নিয়মিত ডিউটি পালন করছিল পুলিশের একটি দল। চেকপোস্ট পার্টির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন এসআই হারুন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় অটোরিকশার এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশির উদ্যোগ নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি নিজের পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট রাস্তায় ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিকভাবে এসআই হারুন ধাওয়া করে ওই ব্যক্তিকে আটক করেন। পরে তাকে জাঞ্জাইল বাস কাউন্টারে নিয়ে আসা হয়। সেখানে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ফেলে দেওয়া ওই সাদা পলিথিনের প্যাকেটটি খোলা হয়। প্যাকেটের ভেতরে দুটি কালো রঙের জিপার ব্যাগ পাওয়া যায়, যার প্রতিটিতে দুইশো পিস করে চারশো পিস ইয়াবা ট্যাবলেট রক্ষিত ছিল। পরে এসব মাদক আনুষ্ঠানিকভাবে জব্দ করেন এসআই ফিরোজ আল মামুন।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে, সে দুর্গাপুরের সীমান্তবর্তী মাধবপুর এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেছিল। মাদকের এই চালানটি নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকায় পৌঁছে দেওয়ার কথা ছিল তার।
তিনি আরও জানান, “ধৃত যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করছি। এই মাদকের মূল সরবরাহকারী কে এবং শ্যামগঞ্জে কার কাছে এটি হস্তান্তর করা হতো- তা উদ্ঘাটন করতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



