পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, ভোমরাদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও সম্ভাবনার কথা তুলে ধরেন তারা।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার তিনজন সফল মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।



