নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে স্থানীয় দুটি সরকারি বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক ও উব্দাখালী সেতুর ওপর অবস্থান কর্মসূচি পালন করা হয়।
শুরুতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। হাতে নানা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মূল সড়কে অবস্থান নিলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ কলমাকান্দা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে সুন্দর খেলার মাঠের দাবি দীর্ঘদিনের। বারবার সংশ্লিষ্টদের কাছে ধরনা দিয়েও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় আজ শিক্ষার্থীদের বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে। তারা ভারপ্রাপ্ত স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, “শুধুমাত্র ইট-পাথরের ভবন থাকলেই শিক্ষার পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থ বিকাশের জন্য উন্মুক্ত খেলার মাঠ ও নির্মল পরিবেশ অপরিহার্য। প্রভাবশালীদের জমি দখল, মাঠের সংকট এবং বিদ্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”
বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা, উব্দাখালী নদীর পাড় দখলমুক্ত করা এবং পরিবেশ ও জলাশয় রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়। অন্যথায় দাবি আদায়ে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
প্রতিবাদ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর।
এছাড়াও বিপুল সংখ্যক শিক্ষক, অভিভাবক এবং নানা শ্রেণি-পেশার স্থানীয় সচেতন নাগরিক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।