নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে নিরলসভাবে আলো ছড়ানোর পর অবসরে যাওয়া শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক জীবনযাপনের লক্ষ্যে নেত্রকোনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাঝে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনাড়ম্বর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি যুক্ত হন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নরু, নেত্রকোনা জেলার পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার ২২৯ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীর হাতে অবসর ও কল্যাণ সুবিধার চেক তুলে দেওয়া হয়। বক্তারা জানান, যারা নিজেদের জীবনের সোনালী সময়টুকু জাতি গঠনের কাজে তথা শিক্ষাক্ষেত্রে ব্যয় করেছেন, অবসর গ্রহণের পর তাদের আর্থিক সহায়তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতেই সরকারের এই উদ্যোগ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদের শেষ বয়সে আর্থিক সুবিধা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। অনুষ্ঠানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের সরকারি নীতিমালার বিভিন্ন দিক, প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
দীর্ঘ প্রতীক্ষার পর অবসর ও কল্যাণ সুবিধার অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা। তারা সরকারের মহতী এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



