অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ (শুক্রবার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য ‘কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের বৈচিত্র্যপূর্ণ বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হয় যে, আমাদের দেশের সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের বিরাট প্রভাব রয়েছে। আবার এটিও প্রমাণিত হয় যে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে এবং মানুষের দৈনন্দিন জীবন থেকে বিচ্ছিন্নভাবে দেখে, কাওয়ালীর মতো সুফি ধারার সংস্কৃতি চর্চা তাদের মানসিকতা থেকে সম্পূর্ণ আলাদা।’

উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারে কাওয়ালী ও সুফি সংস্কৃতি একটি অন্যতম প্রধান মাধ্যম হিসেবে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘সর্বশক্তিমান স্রষ্টা কেবল কঠোর বিচারক নন, তিনি তাঁর সৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন—এই কাওয়ালীর মূল সুরের ভেতরে সেই পরম সত্যই লুকিয়ে থাকে।’

জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগের প্রশংসা করে জহির উদ্দিন স্বপন বলেন, প্রেস ক্লাব কর্তৃপক্ষ শিগগিরই বাউল সংগীত সন্ধ্যারও আয়োজন করতে যাচ্ছে। কাওয়ালী ও বাউল সংগীতের এই সম্মিলনের মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবের বর্তমান নেতৃত্ব আমাদের দেশের আসল জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করছে। সরকারের পক্ষ থেকে এ ধরনের অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।

গণমাধ্যমের স্বাধীনতা ও প্রেস ক্লাবের সাথে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে যতদিন আছি, প্রেস ক্লাবের একজন সদস্য হিসেবে আপনাদের সঙ্গে আমার সম্পর্ক থাকবে অত্যন্ত ঘনিষ্ঠ। সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে আমরা এক হয়ে কাজ করে যাব।’

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version