রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা থানার ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। একই ঘটনায় থানার সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ডিমলা থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এএসআই মো. মসলিম উদ্দিন। রাতের দায়িত্ব পালনকালে হঠাৎ কক্ষের ছাদের বড় একটি অংশের পলেস্তারা খুলে তার কাঁধের ওপর পড়ে। এতে তিনি আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত এএসআই মো. মসলিম উদ্দিন বলেন, “ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এ সময় হঠাৎ করে কক্ষের ছাদের পলেস্তারা খুলে আমার ওপর পড়ে। এতে কাঁধে আঘাত পেয়েছি।”
ছাদের পলেস্তারা খসে পড়ার সময় কক্ষের সরকারি কাজে ব্যবহৃত ডেস্কটপ কম্পিউটারটির ওপরও তা পড়ে। এতে কম্পিউটারটি ভেঙে গিয়ে সম্পূর্ণ অকেজো হয়ে যায়। ফলে থানার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমেও এর প্রভাব পড়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিষয়টি ইতোমধ্যে পুলিশ সুপার মহোদয়কে জানানো হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। শনিবার প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হতে পারে।”
তিনি আরও বলেন, “দুর্ঘটনা কখনো বলে-কয়ে আসে না। আমার আগে যারা থানায় দায়িত্ব পালন করেছেন, তারা ইতোমধ্যে নতুন ভবনের জন্য চাহিদা পাঠিয়েছেন। আশা করছি, অল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।”
ডিমলা থানার মতো গুরুত্বপূর্ণ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় ভবনটির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সদস্য ও স্থানীয়দের আশঙ্কা, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।


