নিজস্ব প্রতিবেদক: ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন এবং পাঠ্যবইয়ে আদিবাসীদের ভাষা অন্তর্ভুক্তকরণসহ নানা দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রবিবার (৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় আদিবাসী সংগঠন ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ, কারিতাস এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সংবাদ সম্মেলনে আদিবাসীদের অধিকার ও দাবি-দাওয়া নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ‘আদিবাসী নেত্রী’ এবং ‘ওয়াইডব্লিউসিএ’ এর সাধারণ সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশের আদিবাসীদের দীর্ঘদিনের দাবি তাদের সাংবিধানিক স্বীকৃতি। সমতলের আদিবাসীদের সার্বিক উন্নয়ন, অধিকার আদায় ও ভূমি রক্ষায় পৃথক মন্ত্রণালয় এবং স্বাধীন ভূমি কমিশন গঠন এখন সময়ের দাবি।” এ সময় তিনি প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ে আদিবাসীদের মাতৃভাষা অন্তর্ভুক্তকরণের পাশাপাশি রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ (৮) ধারার যথাযথ বাস্তবায়নের জোর দাবি জানান।
অনুষ্ঠানে আদিবাসীদের ভূমি সংকট ও হয়রানির বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং। তিনি বলেন, “দখলি শর্তে খাসজমি, বসতভিটা, কবরস্থান ও পুকুর অবিলম্বে আদিবাসীদের নামে স্থায়ীভাবে বরাদ্দ দিতে হবে। একইসাথে বনায়নের নামে বন বিভাগ কর্তৃক আদিবাসীদের পৈতৃক জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার যে প্রবণতা চলছে, তা দ্রুত বন্ধ করতে হবে।”
পল্টন হাজং আরও উল্লেখ করেন, আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে যেকোনো সরকারি বা বেসরকারি উন্নয়ন প্রকল্প গ্রহণের পূর্বে অবশ্যই স্থানীয় আদিবাসীদের সাথে আলোচনা করতে হবে। এছাড়া, প্রভাবশালীদের দ্বারা বেদখল হওয়া আদিবাসীদের ভূমি দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে দুর্গাপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ‘ওয়াইএমসিএ’এর সাধারণ সম্পাদক সাইমন এ্যান্টনী সাংমা, কারিতাস প্রতিনিধি সুলগ্না রেমা, ‘ওয়াইডব্লিউসিএ’ এর প্রোগ্রাম অফিসার শারদী মৌরশী ঘাগ্রা এবং কমিউনিটি অর্গানাইজার ডেনী কসবিয়া দিও সহ স্থানীয় অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।
আদিবাসী দিবসের এ আয়োজনে বক্তারা সরকারকে দ্রুত তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আদিবাসীদের জীবনমান ও অধিকার সুরক্ষার আহ্বান জানান।



