নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
রবিবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ৩১ বিজিবি’র পক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, গতকাল গত শনিবার দিনগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকা থেকে এসব মাদক আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের লেংগুড়া বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে টহল দলটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭৪ এমপি থেকে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী নামক স্থানে তল্লাশি চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।



