নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা শহরের একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে মো. আকাশ তালুকদার (৩০) নামের এক ইলেকট্রনিকস কোম্পানির কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় শহরের কুরপাড় এলাকার তিতাস নগরে এ ঘটনা ঘটে। নিহতের গলায় বিদ্যুতের তার প্যাঁচানো থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা- তা নিয়ে জনমনে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত আকাশ তালুকদার জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের ছেলে। তিনি নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনের ওয়ালটন শোরুমে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ শহরের তিতাস নগর এলাকার মাহাবুল আলম মোহনের বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাসার অন্য লোকজন আকাশের ঘরের মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘরের ভেতর খাটের বিছানার পাশে মেঝেতে রক্তাক্ত অবস্থায় আকাশের লাশ পড়ে থাকতে দেখে। এ সময় নিহতের গলায় বিদ্যুতের তার জড়ানো অবস্থায় পাওয়া যায়, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আরও ঘনীভূত করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশটি ময়নাতদন্তের নিমিত্তে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা- এমন প্রশ্নের জবাবে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‍“আকাশকে হত্যা করা হয়েছে নাকি সে নিজে আত্মহত্যা করেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এবং প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আমরা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছি না। সবদিক মাথায় রেখেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ শুরু হয়েছে।’

রহস্যজনক এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version