নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় কলমাকান্দা অডিটোরিয়ামে অনেক সংখ্যক সদস্যের উপস্থিতিতে এ সভার আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা এবং সংগঠনের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সম্পূর্ণ আয়োজনটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
সমিতির ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. শফিকুল ইসলাম ও ট্রেজারার এম. এস. কবীর মাসুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জামান আসিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এইচ. আর. নাজিম এবং কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবায়দুল পাঠান, জনকল্যাণ কৃষি সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান এ. কে. এম. শাহজাহান কবীর, ময়মনসিংহ অঞ্চলের ডিরেক্টর পুলক দাস, জেলা ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ, অনির্বাণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান ও ক্লাস্টার সভাপতি (নেত্রকোনা) চন্দন তালুকদার এবং প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাজা হান্নান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। এরপর বার্ষিক সাধারণ সভায় সমিতির বিগত বছরের শেয়ার, সঞ্চয়, আমানত এবং আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।
আলোচনা পর্বে বক্তারা সমিতির আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করা, সদস্যদের কল্যাণে বিভিন্নমুখী কার্যক্রম সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমিতির সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তারা।
সভায় সমবায় কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হিসেবে ‘বিশরপাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়’ এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ সমবায়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


