নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নেত্রকোনা জেলার গর্বিত সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা এ টি এম আব্দুল বারী ড্যানী। তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৩ জুলাই ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন, ২০১৫’ এর ধারা ৭(১) অনুযায়ী জনাব এ টি এম আব্দুল বারী ড্যানী-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন এর চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী সাবেক সফল ছাত্রদল নেতা হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম গুরুত্বপর্ণ পদ সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতৃত্বের দক্ষতার কারণে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সুপরিচিত।
নেত্রকোনার কৃতি সন্তান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই পদে অধিষ্ঠিত হওয়ায় জন্মভূমি নেত্রকোনাসহ দেশজুড়ে তার শুভানুধ্যায়ী, পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সংশ্লিষ্টদের আশা, তার সুযোগ্য নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে বিআইডব্লিউটিসি’র সার্বিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আসবে এবং দেশের অভ্যন্তরীণ নৌ-পরিবহন ব্যবস্থা একটি আধুনিক ও গ্রাহকবান্ধব রূপ পাবে।
উল্লেখ্য, এ টি এম আব্দুল বারী ড্যানী তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে দলীয় মনোয়ন প্রত্যাশী ছিলেন।



