মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিজ বাড়ির টিনের চালে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ আহমেদ (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ধনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আকাশ আহমেদ বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। তিনি বহুজাতিক কোম্পানি ইউনিলিভার লিমিটেডে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে আকাশ আহমেদ তাদের বাড়ির টিনের ঘরের চালে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। কালক্ষেপণ না করে দ্রুত তাকে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য উপসহকারী বিপ্লব হোসেন জানান, “আকাশ আহমেদ নামের ওই যুবককে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুপুর ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ সরকার তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত আকাশের বাবা-মা। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। সম্ভাবনাময় তরুণের এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয়দের মাঝেও গভীর শোক বিরাজ করছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version