মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে মো. জুয়েল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং মো. সাহেদ বাদশার ছেলে। মধ্যনগর থানা সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিনের সার্বিক নির্দেশনায় এসআই নাজমুল ইসলাম, এসআই আমির উদ্দিন ও এসআই মো. আব্দুর রউফ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় জুয়েল মিয়ার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে মধ্যনগর উপজেলায় নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



