তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদ সদস্য নাসের রহমামা এর উদ্যোগে আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠান (এআইআইবি’র) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল পরিদর্শন করেছে। এ সফরে হাসপাতালের বর্তমান অবকাঠামো, সেবার মান এবং সম্ভাব্য উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে। এ সফরকে জেলার স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে একটি সম্ভাবনাময় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এআইআইবি-এর ডিরেক্টর জেনারেল মিস্টার রজত মিশ্র এবং পিপিপি ডিরেক্টর সাঈয়েদ উদ্দিনের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি মৌলভীবাজার সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা হাসপাতালের বর্তমান অবকাঠামো, চিকিৎসাসেবার সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ সম্প্রসারণের প্রয়োজনীয়তা এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. প্রণয় কান্তি দাশ, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান এবং সংসদ সদস্য নাসের রহমানের একান্ত সহকারী মোহাম্মদ সাজাহান সিরাজ।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও সংশ্লিষ্ট সূত্র থেকে বুধবার (২২শে জুলাই) বিকেলে জানা যায়, এআইআইবি-এর এই সফরে স্বাস্থ্যখাতের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, সেবার পরিধি বৃদ্ধি এবং সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। যদিও বিনিয়োগের পরিমাণ বা প্রকল্পের ধরন সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, মৌলভীবাজারে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসাসেবার চাহিদা দীর্ঘদিনের। জেলার অনেক রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট বা ঢাকায় যেতে হয়। সম্ভাব্য আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যখাতে বড় ধরনের বিনিয়োগ হলে শুধু চিকিৎসাসেবার মানই বাড়বে না, পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। নাসের রহমানের উদ্যোগে এআইআইবি প্রতিনিধি দলের পরিদর্শনকে মৌলভীবাজারের স্বাস্থ্যখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এখন সবার নজর এই উদ্যোগ ভবিষ্যতে কত দ্রুত বাস্তব উন্নয়ন প্রকল্পে রূপ নেয়। আন্তর্জাতিক সহযোগিতা বাস্তবায়িত হলে মৌলভীবাজার সদর হাসপাতাল শুধু জেলার মানুষের জন্য নয়, বৃহত্তর সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version