রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ জুলাই) দুপুরে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল্ বান্না। এ সময় বাজারের প্রধান ড্রেন ও শাখা ড্রেনগুলোতে জমে থাকা পলিমাটি, ময়লা-আবর্জনা অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করা হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে বাজারের সড়কে পানি জমে যেত। এতে ক্রেতা-বিক্রেতাদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ত। দীর্ঘদিনের এ সমস্যার সমাধানে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা।

অভিযান চলাকালে ডিমলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তালেব উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি এবং শ্রমিকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা কোনো স্থাপনা পাওয়া গেলে তা উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version