নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজ বসতঘরে মাদক সংরক্ষণ ও সেবনের আসর বসানোর অপরাধে তাদের এই সাজা দেওয়া হয়।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার উকিলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নেত্রকোনা জেলা কার্যালয়।

সাজাপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর উপজেলার উকিলপাড়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. নজরুল ইসলাম মড়ল (৪৮), একই উপজেলার বাগিচা পাড়ার মৃত শাহেদ আলীর ছেলে মো. রাজন (৪০) এবং পূর্বধলা উপজেলার বিশমপুর এলাকার মৃত ছমির উদ্দিনের ছেলে মো. রনি মিয়া (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়িতে নিয়মিত মাদকের আসর বসে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় নজরুল ইসলাম মড়লের নিজ দখলীয় বসতঘর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করায় এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে, নিজের বসতঘরকে মাদকের আখড়া হিসেবে ব্যবহার ও মাদক সংরক্ষণের দায়ে মূল হোতা মো. নজরুল ইসলাম মড়লকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া তার অপর দুই সহযোগী মো. রাজন ও মো. রনি মিয়াকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে ডিএনসির এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। দণ্ড ঘোষণার পর আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতেই সাজাপ্রাপ্ত তিন আসামিকে কড়া পাহারায় নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version