জামালপুর প্রতিনিধি: নিজের চিরচেনা বসতভিটাই যখন হয়ে ওঠে আতঙ্কের জনপদ, তখন শেষ আশ্রয়টুকু খুঁজে পেতে মানুষের আর্তনাদ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। এমনই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হয়ে জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের আশায় শেষমেশ গণমাধ্যমের দ্বারস্থ হয়েছেন জামালপুরের মেলান্দহের এক অসহায় পরিবার। বাড়িঘরে দফায় দফায় ভাঙচুর, মারধর এবং মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন তারা।
উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের শিয়ানপাড়া মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন ভুক্তভোগী ফরহাদ আলী ও তার মা ফিরোজা বেগম।
কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, রায়ের বাকাই গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ মো. এক্সেন আলী, মোহাম্মদ ওয়ারেস, মো. রিপন ও মো. রিপন আলীসহ আরও কয়েকজন তাদের ওপর দীর্ঘদিন ধরে অমানবিক নির্যাতন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযুক্তরা ফরহাদ আলীর ব্যবসা প্রতিষ্ঠানে (দোকান) গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং বসতবাড়িতে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই অন্যায়ের প্রতিবাদ করায় উল্টো তাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, পরিবারটিকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি রাতের আঁধারে মুখোশধারী দুর্বৃত্তরা এসে তাদের বাড়িঘরে পুনরায় হামলা ও ভাঙচুর চালিয়ে পুরো পরিবারকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
সংবাদ সম্মেলনে বৃদ্ধা মা ফিরোজা বেগম ও তার সন্তান ফরহাদ আলী জিম্মিদশা থেকে মুক্তি পেতে এবং মিথ্যা মামলার হয়রানি বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে ওই পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে দিতে এলাকার সচেতন মহলও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।




