নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তিনটি অনুষদের অধীন নয়টি বিভাগে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীনদের প্রাণবন্ত উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ এবং নতুন পাঁচটি বিভাগের আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে দিনটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মাইলফলকে পরিণত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবারের নবীন বরণ নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। আগে থেকে বাংলা, ইংরেজি, অর্থনীতি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে সাতটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান থাকলেও, এবারই প্রথমবারের মতো আরও পাঁচটি নতুন বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।

নতুন বিভাগগুলো হলো- ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল এবং হিসাববিজ্ঞান। নবীন বরণের মধ্য দিয়ে বিভাগগুলো আনুষ্ঠানিকভাবে তাদের শিক্ষা কার্যক্রম শুরু করল। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষা বিভাগেরও (জিইডি) কার্যক্রম শুরু হচ্ছে, যা শিক্ষার্থীদের আন্তঃবিষয়ক শিক্ষা ও সামগ্রিক জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করবে।

রবিবার সকাল থেকেই প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। এছাড়া সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-আর-রশিদ।

তারা নয়টি বিভাগের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম উচ্চশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, গবেষণামনস্কতা, উদ্ভাবনী চিন্তা, নৈতিক নেতৃত্ব এবং দেশগঠনে তরুণ প্রজন্মের ভূমিকা সম্পর্কে নবীনদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানগুলোতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণের অনুভূতি, নিজেদের স্বপ্ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় বর্তমান শিক্ষার্থীরা তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নতুন পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন বিভাগগুলোর সংযোজনের মাধ্যমে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর যেমন বিস্তৃত হয়েছে, তেমনি উচ্চশিক্ষার নতুন নতুন ক্ষেত্রে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সৃষ্টি হয়েছে বহুমাত্রিক সুযোগ। নবীন শিক্ষার্থীদের স্বপ্ন, নতুন বিভাগের যাত্রা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রত্যয়ে মুখর এ আয়োজন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উৎকর্ষ অর্জনের চলমান অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version