নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলায় উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তাদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিদ্যমান নানা সমস্যা, সম্ভাবনার খাত এবং তা উত্তরণে প্রশাসনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামিমের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কর্মকর্তা অন্ত কাপুর বিপুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, ‍“মদন অত্যন্ত সম্ভাবনাময় উপজেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এটি নানাভাবে অবহেলিত। এলাকার মানুষের জীবনমান উন্নয়নে এখানকার রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের দিকে আমাদের বিশেষ জোর দিতে হবে।”

সামাজিক ব্যাধি দূরীকরণে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, “মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই উপজেলা থেকে মাদকের বিস্তার কঠোরভাবে রোধ করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও বাল্যবিয়ে বন্ধে প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ এবং ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি।

এ ছাড়া স্থানীয় সুশীল সমাজ ও গণমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ইমরান হোসেন এবং শেখ মেহেদী হাসান পরশ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্ত ও দিকনির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মদন উপজেলার সার্বিক চিত্র পাল্টে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version