নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় কর্মক্ষম নারী ও যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিএমইএ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এসআইসিআইপি-বিজিএমইএ’র চিফ কো-অর্ডিনেটর মুনির চৌধুরী। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কো-অর্ডিনেটর (জব প্লেসমেন্ট) মো. আশফাকুর রহমান, কো-অর্ডিনেটর (ফাইন্যান্স অ্যান্ড প্রকৌশল) এস. কে. নাজমুল আলম (পলাশ) এবং অফিসার (অ্যাডমিন) মো. সাজেদুল কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, দেশের কর্মক্ষম নারী ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে আধুনিক ও চাহিদাভিত্তিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিজিএমইএ’র সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণ কেন্দ্রটি স্থানীয় তরুণ-তরুণীদের তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে এলাকায় বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র বিশেষ উদ্যোগে কলমাকান্দায় এ ধরনের সময়োপযোগী ও জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করায় তার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অংশীজনরা। একই সাথে মহতী এই উদ্যোগের সফল বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা আহ্বান করা হয়।
সভায় প্রস্তাবিত প্রশিক্ষণ কেন্দ্রের সুষ্ঠু পরিচালনা পদ্ধতি, প্রশিক্ষণের সময়োপযোগী বিষয়বস্তু, সঠিক প্রশিক্ষণার্থী নির্বাচন, প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণ এবং প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


