জামালপুর প্রতিনিধি: জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে বিস্ফোরক মামলায় ‘শোন অ্যারেস্ট’ (গ্রেপ্তার দেখানোর) অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।
জানা যায়, গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) তাকে আটক করে। ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক এমপি নূর মোহাম্মদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।
মামলার প্রেক্ষাপট সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক মামলাটি দায়ের করা হয়। আদালত শোন অ্যারেস্টের অনুমতি দিয়েছেন। আগামী ১৪ জুলাই তার জামিন শুনানির দিন ধার্য রয়েছে। ওইদিন তদন্ত কর্মকর্তা রিমান্ড চাইবেন বলে আশা করছি। শুনানি শেষে আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।”


