জামালপুর প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এদিন সকালে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, পরিবেশকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, পরিবেশ অধিদপ্তর জামালপুরের সিনিয়র কেমিস্ট এ. কে. এম সামিউল আলম কুরসি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে পরিবেশ সুরক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণ এবং সামাজিক বনায়ন কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একইসঙ্গে পলিথিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং বর্জ্য রিসাইক্লিংয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।


