কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় ১৭ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান ও পলাতক আসামি মোজাম্মেল আহমেদ রানাকে (২২) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে, গতকাল (বুধবার) দুপুরে ময়মনসিংহ শহরের কেওয়াটখালী ময়নার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা ও পরিবারের অন্য সদস্যরা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন। কিশোরী কেন্দুয়ায় তার নানার বাড়িতে কেবল নানীর সঙ্গেই থাকতেন। এই সুযোগে অভিযুক্ত মোজাম্মেল আহমেদ রানার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩০ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রানা ওই বাড়িতে যায় এবং তরুণীকে কৌশলে বারান্দার একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে নেত্রকোনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ২৭ জুন কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত রানা এলাকা ছেড়ে পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই ঘটনার পর র্যাব-১৪ এর একটি গোয়েন্দা দল আসামিকে ধরতে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার) দুপুরে র্যাব-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির আভিযানিক দল ময়মনসিংহের কেওয়াটখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।



