শুক্রবার, অক্টোবর ৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় কম্বলসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার থলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে এসব মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত ১৬০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বলের আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পূর্বধলা থানা পুলিশ। সকাল সাড়ে ৬টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেনের নেতৃত্বে একটি টিম ইছুলিয়া বাজারের আনুমানিক দুইশো গজ পশ্চিমে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামানোর চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়িটি রাস্তার ওপর রেখেই কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ বস্তায় ১৬০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করে এবং গাড়ি ও মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি গাড়ি ও মালামাল রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পলাতক আসামিদের গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version