নিজস্ব প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারেরও বেশি প্রতিষ্ঠানে একযোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) দুপুর ২টায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।

এরআগে, কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এবং দেশবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়ও করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে এই মহতী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে বছরে অন্তত একটি করে গাছ লাগাতে উৎসাহিত করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় পাঁচ কোটি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ুর ক্ষতি মোকাবিলায় তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বারহাট্টার রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা প্রশাসক মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. নূর উদ্দিন নূরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, ও বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার।

এছাড়াও অনুষ্ঠানে বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version