মোহনগঞ্জ প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করতে নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা পর্যায়ের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
প্রতিযোগিতায় উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। কয়েকটি ধাপে বাছাই পর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও ভাটি বাংলা উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত বিতর্কের বিষয় ছিল- “দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর।”
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে পক্ষ দল হিসেবে অংশ নিয়ে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দলের ভাটি বাংলা উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। চমৎকার যুক্তি উপস্থাপনের মাধ্যমে প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন ইফাত ফাহমিদা লামিয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল আবেদীন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মোমেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন শিক্ষার্থী এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত মানসিকতা গঠনে এটি অত্যন্ত সহায়ক।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ইব্রাহিম খলিল।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক ইমাম হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


