রবিবার, সেপ্টেম্বর ২০

জামালপুর প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে ‘নতুন জাতের মাছ উৎপাদন ও আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ফিশারিজ ডিপার্টমেন্ট এ সভার আয়োজন করে।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন।

সভায় সভাপতিত্ব করেন জাবিপ্রবির ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে মৎস্য ও জলবায়ু বিষয়ক গবেষণার নানা দিক নিয়ে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. শাহজাহান, ফ্রান্সের নেন্সি লরেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. টমাস লিকক, ফরাসি গবেষক ও মৎস্য বিশেষজ্ঞ ড. ইয়ানিক লিডোরসহ দেশি-বিদেশি অন্যান্য গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কৃষি ও মৎস্য খাতে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সনাতন পদ্ধতির বাইরে এসে প্রযুক্তি নির্ভর এবং জলবায়ু সহনশীল মাছের জাত উদ্ভাবনে আমাদের গবেষকদের এগিয়ে আসতে হবে।”

দেশীয় ও আন্তর্জাতিক মৎস্য বিশেষজ্ঞরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের ফলে জলাশয়গুলোর প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে প্রচলিত অনেক দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব আজ হুমকির মুখে।

বক্তারা একমত পোষণ করে জানান, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহনশীল নতুন জাতের মাছ উৎপাদনের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে একদিকে যেমন দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষের চাহিদা মেটানো সম্ভব হবে, অন্যদিকে মৎস্য খাতে অর্থনৈতিক প্রবৃদ্ধিও তরান্বিত হবে। ফরাসি গবেষকদের উপস্থিতি এই গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।

পরিশেষে, জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম মাছের জাত সম্প্রসারণের মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও শক্তিশালী করে আগামীর ‘খাদ্য সমৃদ্ধ নতুন বাংলাদেশ’ গঠনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version