শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই ট্রাক এবং যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. নুর আলম (২৮) নামের এক যুবক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় প্রাণঘাতী এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নুর আলম (২৮) তিনি ছোট শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে। আহতরা হলেন- মধ্যবাজার এলাকার মৃত লাল মিয়া হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) ও বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)। তারা সকলে কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

তবে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে নেত্রকোনার রাজুর বাজার এলাকা থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি গুতুরা কবরস্থান সড়ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ধানবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ভেতরে থাকা চার যাত্রীই গুরুতরভাবে জখম হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের বেলা এই সড়কে ভারী যানবাহনগুলো- বিশেষ করে বালু ও মালবাহী ট্রাকগুলো চরম বেপরোয়া গতিতে চলাচল করে। এর ফলেই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। তারা সড়কে ট্রাফিক পুলিশের নজরদারি বৃদ্ধি এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, ‍‍“খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করি এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি। তবে দুর্ঘটনার পরপরই অন্ধকারের সুযোগ নিয়ে ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় চালককে আটকের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত আছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version