উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগে পরিচালিত অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব দালাল হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে অবস্থান করে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রেসক্রিপশন সংগ্রহ করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ নিয়ে রোগী ও তাদের স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়ে উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম হাসপাতালে অভিযান চালায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দালালরা হাসপাতাল এলাকা থেকে সরে যায়। পরে হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়। একই সঙ্গে ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়ে সেটি সীলগালা করা হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে দালাল সমস্যাটি রয়েছে। তাদের প্রবেশ ঠেকাতে আমরা বারবার চেষ্টা করেছি এবং সতর্ক করেছি। তারপরও কিছু অসাধু ব্যক্তি এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের সেবার পরিবেশ আরও উন্নত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, কিছু দালাল চক্র দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বিভিন্ন পরীক্ষার নামে হয়রানি করে আসছিল। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের অভিযানে দালালদের পাওয়া না গেলেও হাসপাতালের সামনের কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও সীলগালা করা হয়েছে। এছাড়া একই আইনের আওতায় আধুনিক ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টারও সীলগালা করা হয়েছে। রোগীদের হয়রানি বন্ধ এবং হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version