শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ বা ‘পুশইন’ করার চেষ্টা চলছে- এমন আশঙ্কার কথা জানিয়ে স্থানীয় জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৫ জুন ২০২৬) রাত ৮টায় মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের ফুলবাড়ি বাজারে আয়োজিত জরুরি জনসচেতনতামূলক সভায় এই আহ্বান জানান কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া।

মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সদস্য সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দিক নির্দেশনায় সীমান্ত এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, “সারা বাংলাদেশে বর্ডার দিয়ে ভারতীয় লোকজন পুশইন করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনাদের সজাগ থাকতে হবে। যেকোনো সন্দেহজনক খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে বিজিবি, থানার ওসি বা আমাকে (চেয়ারম্যান) জানাতে হবে।”

ভারতীয় নাগরিকদের সম্ভাব্য অনুপ্রবেশকে ‘ভারত সরকারের চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির এই নেতা। অনুপ্রবেশের ফলে বাংলাদেশের জন্য সম্ভাব্য ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ একটি গরীব দেশ। হাজার হাজার বা লাখ লাখ মানুষ যদি বাংলাদেশে ঢুকে পড়ে, তবে আমাদের জন্য তা ব্যাপক সমস্যার কারণ হবে। তারা আপনাদের বাড়িঘরে এসে জায়গা দখল করে নেবে। তাই আমাদের পুশইন ব্যবস্থা রুখে দিতে হবে।”

সীমান্ত সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর জোর দেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান। তিনি স্থানীয় মা-বোনসহ সর্বস্তরের জনগণকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বলেন, “আমরা যদি সচেতন হই, তবেই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব।”

বক্তব্যের এক পর্যায়ে দেশের স্বার্থে উপস্থিত জনতাকে উজ্জীবিত করতে তিনি প্রশ্ন রাখেন, “এই দেশের মঙ্গলের জন্য আমরা কি আবার যুদ্ধ করতে প্রস্তুত না?” এ সময় উপস্থিত জনতা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সম্মতি জ্ঞাপন করেন।

তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “কলমাকান্দা ও দুর্গাপুরে কোনো ধরনের পুশইন চলবে না। কোনো ভারতীয় লোককে আমরা ঢুকতে দেবো না।”

নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা। সাম্প্রতিক সময়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয় পর্যায়ে এমন সতর্কতামূলক সভা সাধারণ মানুষের মধ্যে যেমন সচেতনতা তৈরি করছে, তেমনি অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি নজরদারিরও ইঙ্গিত দিচ্ছে। জনসভায় এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version