জামালপুর প্রতিনিধি: আন্তঃনগর ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের সময়সূচি ও রুট পরিবর্তনের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেন আটকে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শনিবার (৩০ মে) বিকেলে সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলস্টেশনে ‘নাগরিক সমাজ’ এর ব্যানারে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধরা।
নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ যাত্রীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সাঈদ হাসান মিথুন, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, আতিক মুর্শেদ, সফিকুল ইসলাম, এনামুল হাসান, আবু সাঈদ আল আমিন খান, আসাদুজ্জামান আসাদ, সাখাওয়াত হোসেন সোহাগ, রিফাত, মুত্তাকিন ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সময়সূচি অনুযায়ী জামালপুর থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গভীর রাতে ঢাকায় পৌঁছায়। এতে মধ্যরাতে গন্তব্যে পৌঁছাতে গিয়ে সাধারণ যাত্রীদের চরম বিপাকে পড়তে হচ্ছে। গণপরিবহন সংকটের কারণে রাতে গন্তব্যে পৌঁছাতে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তেমনি অনেকেই ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন।
বক্তারা আরও জানান, রাতে ঢাকায় পৌঁছানোর কারণে যাত্রীরা দাপ্তরিক, ব্যবসায়িক, চিকিৎসা বা অন্যান্য জরুরি কাজ ওই দিন সম্পন্ন করতে পারেন না। বাধ্য হয়ে ঢাকায় রাত যাপন করে পরের দিন কাজ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। যাত্রী দুর্ভোগের কারণে প্রতিনিয়ত এই ট্রেনের যাত্রী সংখ্যা কমছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ লোকসানের মুখে পড়ছে।
মানববন্ধন থেকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। তাহলো- ট্রেনটি যেন সকালে ঢাকায় পৌঁছায় এবং বিকেলে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসে, সেই অনুযায়ী সময়সূচি নির্ধারণ করতে হবে। বর্তমানে ট্রেনটি টাঙ্গাইলের ভূঞাপুর থেকে জামালপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকা রুটে যাতায়াত করছে। এর পরিবর্তে পূর্বের ন্যায় যমুনা সেতু (পূর্ব) ও টাঙ্গাইল হয়ে ঢাকা রুটে ট্রেনটি পরিচালনা করতে হবে। সরিষাবাড়ী উপজেলার যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে তুলনামূলক বেশি আসন সংরক্ষণ করতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধনের পর আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর থেকে যমুনা সেতু পূর্ব হয়ে টাঙ্গাইল রুটে চলাচল করত। পরবর্তীতে যমুনা সেতু পূর্ব স্টেশনের ইয়ার্ড রিমডেলিং কাজের ট্র্যাক সুইচিং প্ল্যানের কারণে যমুনা সেতু পূর্ব স্টেশন থেকে ভূঞাপুর স্টেশন পর্যন্ত সকল ট্রেনের চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায়, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ট্রেনটির রুট পরিবর্তন করে ভূঞাপুর হতে জামালপুর হয়ে ঢাকা রুটে (ময়মনসিংহ হয়ে) চলাচলের নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে চলা এই রুট ও সময়সূচির কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত এলাকাবাসী।



