জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় পরিবেশ দূষণকারী একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে তা সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। শনিবার (২৩ মে) সকালে যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার অন্তর্গত ‘মেসার্স জারা ব্রিকস’ নামক ফিক্সড চিমনি বিশিষ্ট ইটভাটা দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিবেশ বিপন্নকারী অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে আজ সকালে আকস্মিক অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন (ইট পোড়ানোর স্থান) সম্পূর্ণভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। অভিযানে প্রসিকিউটরের (মামলা পরিচালনাকারী) দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি।
আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করে জামালপুর সদর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বায়ু দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। নিয়মনীতি তোয়াক্কা না করে গড়ে ওঠা কোনো অবৈধ ইটভাটাকৈ ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের উচ্ছেদ ও শাস্তিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’


