নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনার দুর্গাপুর। খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি।

শনিবার (২৩ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সিপিবির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ অভিভাবকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সে নিজের দোষ স্বীকার করেছে বলে জানা গেছে। তবে শুধু গ্রেপ্তারই যথেষ্ট নয়; অতীতে অনেক শিশু হত্যাকাণ্ডের বিচার দীর্ঘায়িত হওয়ার নজির রয়েছে। আমরা চাই নৃশংস এই ঘটনার বিচার যেন কোনোভাবেই ঝুলে না থাকে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি বা ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।

বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ অভিভাবকগণ তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সারাদেশে এর আগেও একাধিক শিশু নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ পর্যন্ত শিশুদের জন্য কোনো কার্যকর ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। বিচার দীর্ঘায়িত হলে অভিভাবকদের মধ্যে আতঙ্ক আরও বাড়বে, যার ফলে অনেকেই তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাবেন।’

“আমরা আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ চাই। রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন সামাজিক অবক্ষয় ও অপরাধপ্রবণতা থামানো যাবে না।”- বিক্ষুব্ধ অভিভাবকবৃন্দ।

আন্দোলনকারীরা জানান, রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে দেশের প্রায় ৬৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে। এটি এখন আর কোনো একক পরিবারের কষ্ট নয়, এটি পুরো দেশের ছাত্রসমাজ ও অভিভাবকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।

দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে সিপিবির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বক্তব্য রাখেন।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি সভাপতি আলকাছ উদ্দীন মীর বলেন, ‘রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, দ্রুততম সময়ে তার ফাঁসি কার্যকর করতে হবে।’

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি সাধারণ সম্পাদক মোরশেদ আলম বলেন, ‘নিরাপদ বাংলাদেশ গড়তে হলে খুনি ও ধর্ষকদের জন্য কোনো অনুকম্পা দেখানো চলবে না।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবি নেতা নজরুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর দুর্গাপুর শাখার সভাপতি শামছুল আলম খান, হাজং নেতা অবনি কান্ত হাজং, নারীনেত্রী তাসলিমা বেগম এবং ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আহাদ মিয়া প্রমুখ। বক্তারা অভিলম্বে এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version