কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ায় সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কথিত ‘সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের’ তীব্র প্রতিবাদ জানিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেন্দুয়া পৌর শহরে এই আকস্মিক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে সাময়িক রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আকস্মিকভাবে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং তাদের যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার ঘোষণা দেন।
শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি স্থানীয় কেন্দুয়া প্রেস ক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল ইসলাম শিবলী বলেন, “কেন্দুয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে কোনোভাবেই অশান্ত হতে দেওয়া হবে না। যদি কেউ এমন অপচেষ্টা করে, তবে উপজেলা ছাত্রদল রাজপথেই তার কড়া জবাব নিশ্চিত করবে।”
অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ মতিন রোমেন বলেন, “নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক ও সহিংস কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে আমাদের প্রতিবাদী কর্মসূচি অব্যাহত থাকবে।” জনমনে স্বস্তি ফেরাতে এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব তৎপরতার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার জোর আহ্বান জানান তিনি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়। তবে বিএনপির এই কর্মসূচি ও আনীত অভিযোগের বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




