নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলার সরিষাবাড়ী থানা এলাকায় এক সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮) নামে এক শীর্ষ মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
শুক্রবার (২২ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জামালপুরের সরিষাবাড়ী থানাধীন পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মাদককারবারি আল আমিনের বাড়ি টাঙ্গাইল জেলায়।
র্যাব-১৪, ময়মনসিংহ ক্যাম্প সূত্রে জানা গেছে, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, টাঙ্গাইলের বাসিন্দা আল আমিন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সরিষাবাড়িসহ আশেপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে মেইয়া এলাকার নিজ বসত বাড়িতে মজুদ করে রেখেছে।
এ সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি আল আমিন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই আভিযানিক দল তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং আটক করতে সক্ষম হয়।
আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে সে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে ঘরের ভেতর খাটের নিচে তল্লাশি চালিয়ে পাটের বস্তার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৬৯ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আল আমিন একজন চিহ্নিত ও পেশাদার মাদককারবারি। ইতিপূর্বেও তার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুর থানায় একাধিক মাদক মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। জামিনে বা আত্মগোপনে থেকে সে পুনরায় সিন্ডিকেট সচল রেখেছিল।
র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ আলামত ও গাঁজাসহ তাকে জামালপুরের সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে এবং মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব-১৪, ময়মনসিংহের এ ধরনের আপসহীন ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



