নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (৪৪) নামের স্থানীয় এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। শুক্রবার ( ২২ মে) রাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। এ গ্রেপ্তারের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান পরিচালনা করে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। অভিযানকালে ২৫ পিস ইয়াবাসহ উজ্জল মিয়াকে হাতেনাতে আটক করা হয়।

লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এলাকাবাসীর দেওয়া তথ্য ও সহযোগিতায় অভিযানটি চালানো সম্ভব হয়েছে। মাদক কারবারির অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ দ্রুত সেখানে হানা দেয় এবং তাকে মাদকসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে উজ্জল মিয়ার গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজের রাজনৈতিক পরিচয় ও পদ-পদবি ব্যবহার করে প্রভাব বিস্তার করতেন, যার ফলে এতদিন কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি।

স্থানীয়দের ধারণা, মাদক এই চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। ঘটনার পেছনের মূল হোতাদের এবং সহযোগীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে স্থানীয়দের অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সব ধরনের আইনগত আনুষ্ঠানিকতা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছে পুলিশ প্রশাসন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version