শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নবীজা (৪০) নামের এক নারীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার একটি দল উপজেলার সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের হাসানোয়াগাঁও এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকার বাসিন্দা নবীজার বাড়িতে তল্লাশি চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় জিরা ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঘটনাস্থল থেকে কৌশলে আরও কয়েকজন চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত নারী নবীজার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একই এলাকার আরও একটি বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালায়। সেখান থেকেও অবৈধ উপায়ে বাংলাদেশে আনা বড় ধরনের চোরাচালান পণ্য উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মালামালসমূহ সীমান্ত দিয়ে অবৈধভাবে কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে কলমাকান্দা থানায় চোরাচালান মামলা দায়ের করা হয়েছে। আটককৃত নারীকে বৃহস্পতিবার দুপুরের দিকে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। একই সাথে মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের বিশেষ ও নিয়মিত অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে এবং চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। অপরাধী যেই হোক না কেন, পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় চোরাচালান পুরোপুরি বন্ধে নিয়মিত এ ধরণের অভিযান বজায় রাখার দাবি জানিয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version