স্টাফ রিপোর্টার:

সরকারি প্রতিষ্ঠানসমূহের ছাদে দ্রুত রুফটপ সোলার প্যানেল স্থাপনের দাবিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি। আজ রোববার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সুনাম কণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সভাপতি মোঃ আবুল হোসেন, ফেড সুনামগঞ্জের সহ-সভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এবং সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অর্থনৈতিক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি অফিসসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন সরকারি ভবনের অব্যবহৃত ছাদ ব্যবহার করে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ বিল হ্রাস পাবে, দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যয় কমবে এবং জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজ কর্মসংস্থান সৃষ্টি, কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। স্মারকলিপিতে জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সকল সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত রুফটপ সোলার স্থাপনে কার্যকর উদ্যোগ গ্রহণ, প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও তদারকি নিশ্চিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সম্পৃক্তকরণ, নেট-মিটারিং সুবিধা সহজতর করা এবং সাধারণ মানুষের মাঝে রুফটপ সোলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির দাবি জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version