নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ছয় শতাংশ বরাদ্দ নিশ্চিত করা এবং শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের পক্ষ থেকে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল এবং বৈষম্যহীন শিক্ষানীতি প্রণয়নের জোর দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ায় শিক্ষা খাতে বরাদ্দের দিক থেকে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। তাই ইউনেসকো সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ছয় শতাংশ বরাদ্দ নিশ্চিত করে তা পর্যায়ক্রমে আট শতাংশে উন্নীত করতে হবে। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিকভাবে প্রচলিত জোনাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশে বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সর্বজনীন শিক্ষানীতি প্রণয়ন করা এখন সময়ের দাবি। এছাড়া প্রাথমিক পর্যায়ে শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত পুনর্বহালেরও আহ্বান জানান তারা। দাবি বাস্তবায়নে সরকার কোনো ধরনের গড়িমসি করলে অধিকার আদায়ে রাজপথে কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।

অপরদিকে, একই স্থানে শিশুমৃত্যুর প্রতিবাদে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখা। সমাবেশে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমকে ‌‘শিশু হত্যাকারী’ আখ্যা দিয়ে তাদের বিচারের দাবি জানান নেতারা।

যুব ইউনিয়নের নেতারা হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসায় দ্রুত বিশেষ ব্যবস্থা চালুর দাবি জানান। পাশাপাশি সাম্প্রতিক শিশুমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, যুব ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি রমজান আলী সরকার, ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি আহাদ মিয়া, সাধারণ সম্পাদক রমজান মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হীমেল মিয়া প্রমুখ। এসময় সংগঠন দুটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version