নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলার ত্রিশালে রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি তল্লাশি করে ৯৪ বোতল ফেনসিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। একই সাথে মাদক বহনে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সোলাইমান কবির (৪৩) ও মো নজরুল ইসলাম (২৫)। তারা দুজনই বাড়ি শেরপুর জেলায়।

রবিবার (১৭ মে) সকালে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালকের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে র‍্যাব-১৪, ময়মনসিংহের সিপিএসসি এর আভিযানিক একটি দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ধানীখোলা বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

এ সময় রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চেকপোস্টের দিকে আসতে থাকে। দূর থেকে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি চেকপোস্ট ফাঁকি দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে সিএনজিটি আটকে ফেলে।

সিএনজিতে থাকা দুই আরোহীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল থাকার কথা স্বীকার করে।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, সিএনজির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯৪ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের অপরাধে সিএনজিটি জব্দ করা হয় এবং তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদককারবারিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে ফেনসিডিল সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব ফেনসিডিল ময়মনসিংহ শহর ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিক্রি করত।

র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ফেনসিডিল ও জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version