মনিরুজ্জামান খান গাইবান্ধা ঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আনিসুর রহমান নাকাই গ্রামের নুরুল হকের ছেলে।
নিহত আনিসুর রহমানের ভাগিনা মিজানুর রহমান বলেন,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিসহ জমির মাপযোগ চলছিল, এসময় আবদুল মজিদের লোকজন পূর্বপরিকল্পিত ভাবে এসে আনিসুরের দোকানসহ অন্তত ৪টি দোকান ও বাড়িঘর ভাংচুর চালায়। পরে দোকানে থাকা মালামাল টাকা পয়সা ও বাড়িতে থাকা ফ্রিজ,স্বর্ণ অলংকার চালসহ লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে আসলে আমাদেরকে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নাকাই গ্রামের আব্দুল মজিদ ও শাহ আলম পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার ১২ মে জমি সীমানা নির্ধারন কে কেন্দ্র করে বিকেলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে আনিসুর রহমানকে গুরুতর অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। মৃত্যুর ঘটনা শোনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন,ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


