শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের পাতা ‘হানিট্র্যাপ’ কৌশলের ফাঁদ ব্যর্থ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ভারতীয় পণ্যের চালান জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশের পেশাদারিত্বের কাছে তা ব্যর্থ হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল একটি ট্রাক থামায়। ট্রাকটি তল্লাশি করতে গেলে পুলিশ দেখতে পায়, কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে লুকানো হয়েছে ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তা। পরে ওই বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।
অভিযান চলাকালীন পুলিশ ট্রাকের চালক মো. নাসিম (২৫) ও হেলপার মুনির (২১) দুজনকে আটক করে। আটককৃত চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে এবং হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, জসীম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে ট্রাকটিকে অনুসরণ করছিল। পুলিশ আসার খবর পেয়ে কৌশলে সে পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্র জানায়, চোরাকারবারিদের এই চক্রটি দীর্ঘ দিন ধরে লেংগুরা-নাজিরপুর-সিধলী রুট ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য নেত্রকোনা জেলা শহরে পাচার করে আসছিল। অভিযানের সময় পুলিশকে বিভ্রান্ত করতে চক্রটি ‘হানিট্র্যাপ’ বা প্রলুব্ধ করার কৌশল অবলম্বন করে। তবে পুলিশের সতর্ক অবস্থানে থেকে চক্রটির সেই চক্রান্ত ব্যর্থ করে দেয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। চোরাকারবারিরা বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার নানা চেষ্টা করে, আমাদের টিম তাদের সেই ফাঁদ নস্যাৎ করতে সক্ষম হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে; আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত, তাদের শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ও বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

