নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ও পলাতক আসামি সঞ্জয় হালদারকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত সঞ্জয় হালদার টাঙ্গাইল জেলার বাসিন্দা।
সোমবার (৪ মে) বিকেলে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গতকাল (রবিবার) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার ভাবলা মাঝিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) এর একটি আভিযানিক দল।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্র ধরে ওই স্কুলপড়ুয়া নাবালিকা ভিকটিমের সঙ্গে সঞ্জয় হালদারের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সূত্র ধরে গত ১৬ জানুয়ারি দুপুর ৩টার দিকে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে সঞ্জয় ওই ছাত্রীর বাড়িতে যায়। সেখানে বিয়ের প্রলোভন ও প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার পর সঞ্জয় বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করে এবং বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে কোনো উপায় না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে গত ২ মার্চ টাঙ্গাইলের কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১৪। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে কালিহাতীর ভাবলা মাঝিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

