জামালপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসার। অপপ্রচারের প্রতিবাদে এবং প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল মোমেন আকন্দ কাউসার জানান, গত সোমবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কুচক্রী মহল তার নাম জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। জামালপুর হাইস্কুল মসজিদ কমিটির বিষয়কে কেন্দ্র করে অপপ্রচার চালানো হলেও তিনি দৃঢ়তার সঙ্গে দাবি করেন, উল্লেখিত ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। এমনকি ওই মসজিদ কমিটির সঙ্গেও তিনি কোনোভাবেই যুক্ত নন।
তিনি আরও জানান, মসজিদের মতো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে তিনি সবসময়ই শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। মসজিদ কমিটির দায়িত্বশীল ব্যক্তি, সাধারণ সম্পাদক এবং সাধারণ মুসল্লিদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম মহোদয়ের সঙ্গে তার প্রায় ১৯ বছরের নিবিড় সম্পর্ক রয়েছে এবং দীর্ঘ এই সময়ে তাদের মধ্যে কখনো কোনো ধরনের বিরোধ বা দূরত্ব তৈরি হয়নি। তিনি সবসময় সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থাকার চেষ্টা করেন বলেও উল্লেখ করেন।
স্বেচ্ছাসেবক দলের এই নেতা অভিযোগ করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। মূলত রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার হীন লক্ষ্যেই একটি মহল অপপ্রচার চালাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার ও মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি বিনয়ের সঙ্গে আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দল নেতার দাবির সত্যতা নিশ্চিত করেন, জামালপুর নতুন হাইস্কুল জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী এবং মসজিদের ইমাম মো. আলাউদ্দিন।
ঘটনার প্রকৃত বিবরণ দিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তারেক চৌধুরী বলেন, “নতুন হাইস্কুল মসজিদে আইপিএস (IPS) নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। এখানে চাঁদাবাজি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর সামান্য ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল মোমেন আকন্দ কাউসার সম্পৃক্ত নন।”
এ বিষয়ে নতুন হাইস্কুল জামে মসজিদের ইমাম আলাউদ্দিন বলেন, “পুরো বিষয়টি নিছক ভুল বোঝাবুঝি। এটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু গণমাধ্যমে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নাম জড়িয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, তা একেবারেই সঠিক নয়; বরং এটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট প্রসঙ্গে ইমাম আলাউদ্দিন পরিষ্কার করে বলেন, “আমি আমার নিজের ফেসবুক আইডি নিজেই ব্যবহার করি। এক্ষেত্রে অন্য কেউ আমার ফেসবুক থেকে কোনো লেখা বা পোস্ট দেওয়ার প্রশ্নই ওঠে না।”
আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

