শুক্রবার, অক্টোবর ১৬

বাংলাদেশের ১৮ লাখের বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং অন্তত ১৭ হাজার ৩৬২ সেট লগইন তথ্য ডার্ক ওয়েবে পাওয়া গেছে। ব্রেইন স্টেশন-২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রতিবেদনটির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এতে সরকার, ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি ও শিক্ষাসহ বিভিন্ন খাতের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।  প্রতিবেদন অনুযায়ী, সাইবারস্টেশন ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন পর্যালোচনা করে। এতে প্রায় সব ডোমেইনের ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেছে। ফাঁস হওয়া তথ্যের সবচেয়ে বড় অংশ সরকারি সেবা খাতের। অন্যদিকে, তথ্য ফাঁসের হার সবচেয়ে বেশি প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে। সাইবারস্টেশন জানিয়েছে, প্রকাশিত পরিসংখ্যানগুলো ন্যূনতম হিসাব। প্রকৃতপক্ষে তথ্য ফাঁসের পরিমাণ আরও বেশি হতে পারে। এসব তথ্য অপরাধীদের হাতে গেলে পরিচয় চুরি, অনলাইন প্রতারণা ও বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ঝুঁকি তৈরি হতে পারে।

অনুষ্ঠানে সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন, কোন কোন তথ্য ফাঁস হয়েছে, তা শনাক্ত করা গেলে অপরাধীদের অপব্যবহারের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। এদিকে, দেশের সাইবার নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করতে বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা কমানোর তাগিদ দিয়েছেন ব্রেইন স্টেশন-২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস। আলোচকেরা ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর প্রতিরোধমূলক কৌশল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version