নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নেত্রকোনা জেলা শাখা।

রবিবার (২৬ এপ্রিল) নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি (নেত্রকোনা-২) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক (নেত্রকোনা-৩) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. নুরুজ্জামান নুরু। কমিটির বাকি চার সদস্য হলেন- নেত্রকোনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুল রহমান পাঠান, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান মিলকি এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী।

তদন্ত কমিটি গঠনের পত্রের সত্যতা নিশ্চিত করেছেন এই কমিটির অন্যতম সদস্য বজলুল রহমান পাঠান। তিনি জানান, পত্রটি সম্পূর্ণ সঠিক এবং তদন্ত কমিটি তাদের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে। আজ (রবিবার) তারা তদন্তের কাজে বের হয়েছেন এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে তিনি নিশ্চিত করেন।

কমিটির আরেক সদস্য ও জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরীও তিনিও গঠিত কমিটির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের অংশ হিসেবে তারা ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী, পাম্পের মালিক, ম্যানেজার এবং অন্যান্যদের সাথে কথা বলে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

উপজেলা বিএনপি আজ বিকেলে সংবাদ সম্মেলন করেছে প্রতিবেদকের এমন প্রশ্নে অনিক মাহবুব চৌধুরী বলেন, সংবাদ সম্মেলনে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে। তবে জেলা বিএনপির তদন্ত কমিটির পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থাও ঘটনাটির তদন্ত করছে। জামায়াতের পক্ষ থেকে আসা বক্তব্য কিংবা অভিযোগে প্রথম দিকে যাদের বিরুদ্ধে আনা হয়েছে, তারা আদৌ এ ঘটনার সাথে কতটুকু জড়িত, সেই প্রকৃত সত্য উদ্ঘাটন করতেই তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version