সোমবার, অক্টোবর ১২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রখ্যাত আলেম, হাজারো আলেমের ওস্তাদ শাইখুল হাদীস আল্লামা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষীয়ান এই আলেম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর পিতার নাম মরহুম আল্লামা জব্বার (রহ.)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও আট মেয়েসহ অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আল্লামা গোলাম মোস্তফা ছিলেন, একজন প্রথিতযশা আলেম ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের শরীফপুর-কলংকা গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক প্রিন্সিপাল ও শাইখুল হাদীস হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকার মুসলিম বাজারস্থ মাদরাসার নায়েবে মোহতামীম হিসেবেও যুক্ত ছিলেন। দীর্ঘদিন দ্বীনি শিক্ষার খেদমতে নিয়োজিত থেকে তিনি হাজারো আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইলমি অবদান, বিনয় ও শিক্ষাদানের কারণে দেশব্যাপী, বিশেষ করে নিজ এলাকায় তাঁর ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল।

বর্ষীয়ান এই আলেমেদ্বীনের ইন্তেকালে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, ‘আজকের আরবান’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় আলেম-উলামাগণ।

এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের পারিবারিক সূত্র জানিয়েছে, আগামীকাল রবিবার (২৬ এপ্রিল) বাদ যোহর শরীফপুর (কলংকা) জামিয়া দারুস সুন্না মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version