মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছেন অন্যান্য ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রায় দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কড়ইবাড়িয়া ইউনিয়নের ৮৩৬ জন জেলে কার্ডধারীর জন্য মাসে জনপ্রতি ৪০ কেজি হারে মোট ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, বরাদ্দকৃত চাল উত্তোলনের পর প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করেন।
তবে অবশিষ্ট ৭১টি জেলে কার্ডের বিপরীতে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অন্যান্য ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান মোল্লা, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদারসহ স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।
